নৈশভোজের আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের পিঠালীতলায় নৈশভোজের আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নেতাকর্মীদের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা মহল্লায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের নেতাকর্মীদের এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, নির্বাচনী আচরণ বিধিমালায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপহার দেওয়া যাবে না। কিন্তু সংবাদের ভিত্তিতে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধি না মেনেই নৈশভোজের আয়োজন করছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকরা। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাই তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘সেইসঙ্গে আচরণবিধি মেনে সব প্রার্থী ও তাদের কর্মীদের নির্বাচনী প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগেও একই অভিযোগে ১৪ ডিসেম্বর দুপুরে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে শোকজ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান। পরে ১৫ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে জবাব দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের এই আসনের মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৫ জন ও নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৯১ জন।

মোট সাতজন প্রার্থী এ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ছাড়া অন্য ছয়জন হলেন- আওয়ামী লীগের সামিল উদ্দিন (নৌকা), জাতীয় পার্টির আফজাল হোসেন (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আব্দুল হালিম (আম), ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের নূরুল ইসলাম জেন্টু (টেলিভিশন), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শামসুল হোদা (মোমবাতি) ও স্বতন্ত্রের গোলাম রাব্বানী (কেটলি)।