ব্যক্তিগত গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত হয়ে বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনের জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম তালুকদার হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার বিকাল চারটায় দুপচাঁচিয়া উপজেলার সিএ অফিসের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত নুরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নুরুল ইসলামের ছেলে মারুফ ইসলাম তালুকদার বলেন, তার বাবা বিকাল চারটায় ব্যক্তিগত গাড়ি নিয়ে আদমদীঘিতে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হন। তার সঙ্গে চালক, ব্যক্তিগত সহকারী ও তার ছোট ভাই ছিলেন। গাড়ি সিএ অফিসের সামনে পৌঁছালে আদমদীঘি থেকে বগুড়াগামী একটি চাল ভর্তি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
এ দুর্ঘটনায় গাড়িতে থাকা বাকিরাও আহত হয়েছেন বলে জানান মারুফ।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে চালকসহ আটক করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।