পাবনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত এক

পাবনায় বালু বোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে জেলার ভাঙ্গুড়া উপজেলার রাঙ্গালিয়াতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম চামেলি খাতুন। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। এছাড়া আহত সবাই অটোরিকশার যাত্রী।

পুলিশ জানায়, চাটমোহর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশাটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে যাচ্ছিলো। পথে ওই স্থানে পৌঁছালে বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক চামেলি খাতুনকে মৃত ঘোষণা করেন। গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।