সিরাজগঞ্জে ট্রিপল মার্ডার: রহস্য উন্মোচন, খুনি আটক

সিরাজগঞ্জের তাড়াশের বাবা, মা ও মেয়েকে গলাকেটে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উন্মােচন করেছে গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে আলামত উদ্ধারসহ ঘাতককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম রাজিব ভৌমিক। তিনি নিহত বিকাশ সরকারের আপন ভাগিনা।

বুধবার সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে। মামা-ভাগিনার ব্যাবসায়িক দ্বন্দের জেরেই ভাগিনার হাতে খুন হয় মামা, মামি আর মামাতো বোন। 

পুলিশ সুপার জানান, মামা বিকাশ সরকারের সঙ্গেই ব্যবসায় যুক্ত ছিলো বড় বোন প্রমিলা সরকারের ছেলে রাজিব ভৌমিক। আর ব্যবসার টাকা নিয়েই মামা বিকাশ সরকারের সঙ্গে দ্বন্দ্বের শুরু। দ্বন্দ্ব আর লোভ শেষ পর্যন্ত খুনিতে রূপান্তিরত করে ভাগিনা রাজিবকে।

হত্যায় ব্যবহৃত কাঁচি, লোহার রড এবং আটক ব্যক্তির মোবাইল ফোন। ইমেজ: একাত্তর

তিনি জানান, খুনের সাক্ষী না রাখতেই তিন জনকে পর পর খুন করে ভাগিনা রাজিব। খুনের পর তিন দিন নির্ঘুম কেটেছে তার। তার অসংলগ্ন কথাবার্তা আর প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত ও আলামত উদ্ধার সহজ হয়েছে। 

গত ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিজ বাড়িতে খুন হয় বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণার সরকার আর কন্যা পারমিতা সরকার তুষি। আর এ ঘটনা প্রকাশ পায় ৩০ জানুয়ারি। সন্দেহের তীর নানা দিকে ঘুরপাক খেলেও জেলা গোয়েন্দা পুলিশ সঠিক জায়গায় নিশানা করে খুলে ফেলে রহস্যের জাল।