ভোটের আগে টাকাসহ প্রার্থী আটক, থানা ঘেরাও

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগে রাতে পাবনার সুজানগর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে প্রায় ২৩ লাখ নগদ টাকাসহ আটক করেছে র‌্যাব। এ ঘটনায় প্রার্থীর মুক্তির দাবিতে থানা ঘেরাও করে রেখেছে তার কর্মী, সমর্থকরা।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

আটক প্রার্থীর নাম শাহিনুজ্জামান শাহীন। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আনারস প্রতীকে লড়ছেন।

আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তাদের মধ্যে সুজানগর পৌরসভার চার ও আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন বলে জানা গেছে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, আমাদের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ সহযোগীসহ আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে, টাকাগুলো অসৎ উদ্যেশে বিতরণের জন্য রাখা হয়েছিল। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন। 

পাবনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।