সিরাজগঞ্জ ও গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ ও গাজীপুরে পানিতে ডুবে দুই বোনসহ চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শনিবার সকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী গ্রামে ও দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরে আলাদা এই দুর্ঘটনা দুটি ঘটে।

সিরাজগঞ্জ থেকে একাত্তরের নিজস্ব প্রতিনিধি জানান, শনিবার দুপুরে তাড়াশ পৌরসভা কোহিত গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

তারা হলো- ওই গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি (৮) ও ইশা (৬)। সম্পর্কে তারা দুই বোন।

ওই শিশুদের দাদু পৌর কাউন্সিলর রব্বেল আলী জানান, দুপুরে তারা গোসলে করতে বাড়ির পাশের পুকুরে নামে। অনেক সময় বাড়ি না এলে তাদের খোঁজ করা হয়। এক পর্যায়ে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতাল নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।  

গাজীপুর থেকে একাত্তরের নিজস্ব প্রতিবেদক জানান, জেলার কালিয়াকৈর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তানজিব ও বায়োজিদ নামে দুটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, সকালে উপজেলার গাবতলী গ্রামে দুই শিশু বাড়ি পাশে খেলতে যায়। তাদের না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকাবাসী  ও নিহতের পরিবার পুকুরে নেমে খোঁজাখুঁজি করে। দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।