সিরাজগঞ্জে এক বৃদ্ধের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন বলেও জানা গেছে। এদিকে গুঞ্জন আছে, স্থানীয় একটি মহল বিষয়টি রফাদফার চেষ্টাও করছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন নির্যাতনের শিকার কিশোরীর নানী। নির্যাতনের শিকার কিশোরী সম্পর্কে অভিযুক্তের নাতনী বলে জানা গেছে।
এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলার বেলকুচি উপজেলার আজগড়া ঘোষপাড়ায় এই ঘটনা ঘটে। পরে শুক্রবার তা জানাজানি হয়।
অভিযুক্তের নাম আবুল হোসেন (৭০)। তিনি জেলার বেলকুচি উপজেলার আজগড়া ঘোষপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, একই মহল্লার হতদরিদ্র পরিবারের কিশোরী আবুলের বাড়িতে গেলে ধর্ষণের শিকার হয়। পরে দুই দিন পর তা জানাজানি হয়। আবুল বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে ভয়ও দেখাচ্ছেন।
তারা আরও জানান, এর আগেও তার এমন কাণ্ড নিয়ে বেশ কয়েকটি সালিশ হয়েছে।
ওই কিশোরীর বাবা জানান, আমরা অসহায় মানুষ। দিন এনে দিন খাই। আবুল প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে আমাদের কেউ সহযোগিতা করছে না। আমরা এখন ভয়ে আছি। আমাদের প্রতিনিয়ত আবুল ও তার সহযোগীরা ভয় দেখাচ্ছেন। মেয়ে ছোট, তাই এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এলাকায় জানাজানি হয়েছে।
এদিকে বিকেলে আবুলের বাড়িতে গিয়ে বাড়ির প্রধান গেট বন্ধ পাওয়া গেছে। তবে আবুলের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় মসজিদের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ডাক্তারি পরীক্ষা করলেই সব পরিষ্কার হবে।
এবিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানি জানান, এনিয়ে কেউ অভিযোগ করেননি। পেলে আইনি ব্যবস্থা নেবো।