ফ্রিজের তারে হাত, প্রাণ গেলো দুই বোনের

রাজশাহীতে খেলতে গিয়ে ফ্রিজের তারে হাতের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে দুটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো- সাইফা (৭) ও হামিদা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, শিশু দুটি দুপুরে বাসায় খেলছিলো। এসময় বাড়িতে থাকা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগের তারে হঠাৎ করে হাত দেয়। এতে তারা বিদ্যুতায়িত হয়। বাসার কেউ বিষয়টি বোঝার আগেই ঘটনাস্থলে তারা দুই জনেই মারা যায়। 

তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে শিশুদের মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।