দেশে উন্নয়ন ছিলো, কিন্তু সবার জন্য ছিলো না, গণতন্ত্র থাকলেও সবার গণতন্ত্র ছিলো না। গত ১৫ বছরে দেশের সকল স্তর ভেঙে ফেলা হয়েছিলো। এসব স্তর মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করা হয়েছে। সবার সহযোগিতা ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বগুড়া শহরের একটি হোটেলে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, অনেক দল অনেক কথাই বলবে। তাদের অতীত ইতিহাস দেখে তাদের বিশ্বাস করবেন। এক্ষেত্রে দেশের অধিকতর উন্নয়নের স্বার্থে সবার প্রথমে বিএনপিকে সবাই বেছে নিবে।
সেমিনারে এক শিক্ষার্থীর পাটকল বিষয়ে প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, বিএনপি উৎপাদন ও উন্নয়নে বিশ্বাসী। কোনো কিছু বন্ধ করা বিএনপির রাজনীতি নয়। তাই সরকার গঠন করলে বন্ধ হয়ে যাওয়া ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি। একই সাথে শ্রমিকদের সকল বকেয়াও পরিশোধ করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুর ও রাজশাহী বিভাগের এই সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা ভবিষ্যৎ রাজনীতির দর্শন। দেশকে এগিয়ে নিতে নতুন রাজনৈতিক দল এনসিপি পদে পদে বাধা সৃষ্টি করছে। তাদের নিজেদের দলেরই নিবন্ধন নেই তারাই আজ নির্বাচন কমিশন নিয়ে কথা বলে।