সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবহান প্রামাণিককে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) রাতে নিহতের ছেলে আব্দুস সবুর বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলাটি করেন। এই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ এই মামলায় এজাহারভুক্ত ১০ নম্বর আসামি হায়দুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হায়দুল একই গ্রামের বাসিন্দা।
গত রোববার রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সোবহান প্রামাণিককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হন। খাস পুকুর নিয়ে পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে নিহতের স্বজনরা ধারণা করছেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান জানান, নিহতের ছেলের করা মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়রা হায়দুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয় এবং মামলায় গ্রেপ্তার দেখায়।