চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল, প্রায় ১২ কেজি গানপাউডার এবং দেশীয় অস্ত্রসহ বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে (১৫ অক্টোবর রাত আনুমানিক ২টা) মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫-এর রাজশাহী বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল যৌথভাবে স্থানটিতে তল্লাশি চালায়। সেখান থেকেই বালতি ও বস্তায় সুকৌশলে লুকিয়ে রাখা ৯২টি তাজা ককটেল, ১১.৮ কেজি সাদা রঙের গানপাউডার সদৃশ পদার্থ, ২টি হাসুয়া এবং বিস্ফোরক বানানোর বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
তবে অভিযানের সময় টের পেয়ে দুর্বৃত্তরা কেটে পড়ায় ঘটনাস্থল থেকে কাউকেই আটক করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনত্য করা কিংবা কোনো বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যেই অসাধু কোনো চক্র নির্জন আমবাগানটিকে নিরাপদ আশ্রয় মনে করে এসব প্রাণঘাতী সরঞ্জাম মজুত করে রেখেছিল।
এসআরবি-৫-এর ক্যাম্প কমান্ডার সিনিয়র পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বিস্ফোরক ও সরঞ্জামগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এর পেছনে থাকা অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে এই অঞ্চলের গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।