উল্লাপাড়ায় বন্ধুকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, আটক এক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগে মারুফ তালুকদার (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নিহতের বন্ধু বলে জানা গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম সরকার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে। আর আটক মারুফ তালুকদার পাশের গয়হাট্টা খোশালপুর গ্রামের বাসিন্দা।

নিহত আকরামের বাবা আব্দুর রহিম জানান, শুক্রবার বিকেল চারটার দিকে মারুফ মুঠোফোনে কল করে আকরামকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর সন্ধ্যার পর থেকে আকরামের ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মারুফের বাড়িতে গিয়ে প্রাঙ্গণে আকরামের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। ওই সময় অভিযুক্ত মারুফ ঘরের ভেতরে অবস্থান করছিলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারুফকে আটক করে। পরে আকরামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার সকালে (২৪ অক্টোবর) উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক এবং মরদেহ উদ্ধার করেছে।

কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়ে তিনি বলেন, ঘটনার পেছনে আসল কারণ ও রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।