বালুতে পুঁতে রাখা সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই কন্যাসন্তানের ঠাঁই হয়েছে রাজশাহীর বোয়ালিয়ার ‘ছোটমণি নিবাসে’।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু নিবাসটির কর্তৃপক্ষের কাছে নবজাতকটিকে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার জালমাছমারি এলাকার একটি আমবাগানে বালির মধ্যে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গিতে মোড়ানো শিশুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা গোলাপ হোসেন। পরে তিনি উদ্ধার করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেন।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন রাজশাহীর বোয়ালিয়ার ছোটমণি নিবাস কর্তৃপক্ষের কাছে নিরাপদ আশ্রয়ের জন্য হস্তান্তর করা হয়েছে।