শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,‘জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন,‘আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই এখন তাদের বিচার চলছে। শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচারও সেই আইনেই হবে।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন,‘বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জনকে মরণোত্তর ও আজীবন সম্মাননা দেওয়া হয়।