রাজশাহীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি লিমনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম সন্তোষ প্রকাশ করে জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের মামলার আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।
অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি জানান, এই রায়ে তারা সন্তুষ্ট নন এবং আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন আসামি লিমন। এরপর তিনি বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন।
এ সময় ছেলেকে বাঁচাতে তার মা তাসমিন নাহার এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করলো।