চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
গ্রেপ্তাররা হলেন —আহসান আলী ও আব্দুর রহিম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরে রোববার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রাণীনগর হাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, সদর কোম্পানি এবং সিপিএসসি (এসআরবি-৫), রাজশাহীর যৌথ দল ওই এলাকার দুটি বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় ‘মেইড ইন ইউএসএ’ লেখা দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের অভিযোগে আলাদা তিনটি মামলা রয়েছে। আর আব্দুর রহিমের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
এসআরবি-৫-এর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে অভিযান চালিয়ে বাহিনীটি মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডার উদ্ধার করেছে এবং সংশ্লিষ্ট ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে।