সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে, তবে সেই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে সরকার। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, কোনো পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা বা ষড়যন্ত্র করলে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন। যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯০০ কোটি টাকা। পাচঁ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ কাজেরও ফলক উন্মোচন করবেন বলে জানান প্রতিমন্ত্রী।
শিক্ষার্থীদের মধ্যে মগ ও গাছের চারা বিতরণ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা এক লাখ ২২ হাজার। প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। পরবর্তী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে।

প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গাছের চারা লাগানোর পাশাপাশি তার পরিচর্যা করতে হবে। নিজেদের ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব বিতরণ করা হবে।
