চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সীমান্তবর্তী উপজেলায় নাশকতা চালানোর উদ্দেশ্যেই এসব বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে দাবি করেছে বিজিবি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহলদল শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। চাকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রোববার (২২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে আটক আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও অন্য চোরাচালান কাজে জড়িত। সম্প্রতি দেশে অস্থিরতা তৈরি করতে নাশকতার উদ্দেশ্যে চোরাচালানের পাশাপাশি ককটেলসহ বিস্ফোরক মজুদ করেছিলেন তিনি।
