উল্লাপাড়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করেন তাঁরা। পরে একইভাবে ঢাকাগামী সিল্কসিটি ও প্রভাতী এক্সপ্রেস ট্রেনও অবরুদ্ধ করেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের আশপাশের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধন চলাকালে এলাকাবাসী রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি ও পাবনা থেকে আসা প্রভাতী এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করে রাখেন। পরপর তিনটি ট্রেন প্রায় ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর লাহিড়ী মোহনপুর স্টেশন ছেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে এ দাবির কথা জানিয়ে এলেও তা বাস্তবায়িত না হওয়ায় তাঁরা মানববন্ধন ও ট্রেন অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

এলাকাবাসীর দাবি, লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

লাহিড়ী মোহনপুর স্টেশনমাস্টার রেজওয়ান হোসেন বলেন, এই এলাকার জনসাধারণের দাবি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির। সেই দাবি নিয়ে তারা তিনটি ট্রেন অবরুদ্ধ করে। পরে প্রতিটি ট্রেন ২০ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার পর তারা অবরোধ তুলে নেয়।