উল্লাপাড়ায় বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার বগুড়া–নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন পাল। তাদের দুইজনেরই বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামে।

স্থানীয়রা জানান, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সি-লাইন’ পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রী প্রাণ হারান।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।