বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়া উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার বাসিন্দা মোটরসাইকেলচালক উজ্জ্বল সরকার ও আরোহী শিকর এবং দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত তলির শাহের ছেলে সাখাওয়াত হোসেন (৫০)। আহত হয়েছেন জলঙ্গী গ্রামের করমত সরদারের ছেলে খলিল সরদার (৪৫)।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে উজ্জ্বল সরকার ও শিকর শেরপুর থেকে মোটরসাইকেলে করে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক উজ্জ্বল সরকার নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরোহী শিকরকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে একই দিন সকালে দুপচাঁচিয়া সদর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত হোসেন ও খলিল সরদার। অটোরিকশাটি দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ওপসা দীঘি (কনকাই ভাটাহার) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাখাওয়াত হোসেন মারা যান। খলিল সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি আটক করেছেন।
