উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে চলিত সপ্তাহে দুই দিনের গুড়িগুড়ি বৃষ্টির পর শীতের প্রকোপ বেড়েছে। সন্ধ্যার পর থেকে বইছে হিমেল বাতাস। আর সঙ্গে যোগ হয়েছে কুয়াশা। অনেক সময় দিনের বেলায়ও যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
এদিকে সোমবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ছয়টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক দুই ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ। তবে বৃষ্টি হয়নি। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, চলিত সপ্তাহে টানা দুই দিন গুড়িগুড়ি বৃষ্টিপাতে তাপমাত্রা কমেছে। তবে এই সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা নাই। ডিসেম্বর মাস শেষে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।