অটোভ্যানে তেলের ট্যাংকারের ধাক্কায় দুইজন নিহত

জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত ও আরও চারজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের কালাই টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন মৃত জিয়াউদ্দিনের ছেলে সোবাহান আলী ও গুদলি মিয়ার ছেলে রফিকুল ইসলাম। আহতরা হলেন শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০), আয়েজুল উদ্দিনের ছেলে মুনছর আলী (৩২), রজিব উদ্দিনের ছেলে কোরবান আলি (৪৬) ও বাচ্চু মিয়ার ছেলে আইজুল (৩৭)। 

হতাহতরা সকলেই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের বাসিন্দা। 

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রাম থেকে আলু নিড়ানি এবং বাধার কাজ শেষে অটোভ্যান যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন তারা। এসময় পিছন থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন এবং ট্যাংকারটিও রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্মরত চিকিৎসক সুজাউলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর রফিকুলকে জপুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে রফিকুলও মারা যান। আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওয়াসীম আল বারী বলেন, দুর্ঘটনা কবলিত যান দুইটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনা ঘটানো ট্যাংকারটির চালক ও হেলপার পলাতক রয়েছেন।