পঞ্চগড়ে অটোচালক ও কৃষকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নিখোঁজ এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা জেলার বোদা উপজেলার করতোয়া নদীর সাঁওতালপাড়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোচালকের নাম নুরল ইসলাম (৪৫) । তিনি উপজেলার কাউয়াখাল মাঝিয়ালী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় নদীতে  হাত পা বাধা অবস্থায় একটি মরদেহ ভেসে থাকতে দেখতে পান। তার পর বোদা থানায় খবর দেন। পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।

বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ২৭ জানুয়ারি নিখোঁজের পরে তার স্ত্রী শেফালি বেগম থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৩০ জানুয়ারি অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ পেয়ে আলম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । 

মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে আমরা সন্দেহভাজনকে আটক করেছি। এছাড়া মামলার তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে চাইনা বলে জানান ওসি মোজাম্মেল।

এদিকে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডোল পাড়ায় মাটি খুড়ে টাবুল চন্দ্র বর্মন (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। 

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা থেকে টাবুলকে খুঁজে পাচ্ছিলো না পরিবার। বৃহস্পতিবার সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করে। শুক্রবার ডোলপাড়ায় এলাকার আমবাগানের ভেতর মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। সন্দেহভাজনদের ওপর নজরদারি চলছে।