নীলফামারীর জলঢাকায় ব্যাটারি চালিত চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ ময়দানের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রাবেয়া বেগম (২৫) উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মীরগঞ্জ হাট থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে অন্য যাত্রীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন রাবেয়া। এসময় দক্ষিণ বেরুবন্দ ময়দানের পাড় এলাকায় চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এরপর উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।