দেশের ১১ জেলায় বন্যা কবলিত মানুষদের আর্থিক সহায়তার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের আটজনকে আটক করা হয়েছে।
বুধবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের গোয়ালঝাঁড় বাজারে এ ঘটনাটি ঘটে। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এসময় সেনা সদস্য, সদর থানা পুলিশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।
আটক আটজন হলেন- পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাবলা (৪২), জালাল (৪০), খালেক ভোক্তারী (৫৫), আবিল (৫৫), জামিরুল ইসলাম (৩১), রমজান আলী (৩২) রাসেল (২৪) ও রেজাউল (৩০)।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে একটি পিকআপ ভাড়া নিয়ে সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজারে দক্ষিণাঞ্চলে সম্প্রতি ক্ষতিগ্রস্ত বন্যার্তদের নামে চাঁদা তুলতে যায় ওই প্রতারকের দলটি।
তারা নিজেদের দোকান কর্মচারী, শ্রমিক হিসেবে পরিচয় দেয়। পরে তারা কয়েকজন করে একটি দল হিসেবে বের হয়ে চাঁদা তুলতে শুরু করে। কিন্তু বাজারের দোকানদারসহ স্থানীয়দের সন্দেহ হয়।
তখন ওই চক্রের সদস্যদেরে প্রশ্ন করলে কথাবার্তা অসঙ্গতিপূর্ণ হওয়ায় তাদের আটকে রাখে গোয়ালঝাঁড় বাজারের ব্যবসায়ীরা। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সেনাবাহিনীকে খবর দেয়া হয়।
পঞ্চগড়ে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী বলেন, সন্দেহভাজন একটি চক্র বন্যার্তদের নামে চাঁদা তুলছিল এমন একটি খবর পাই আমরা। এলাকাটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির মাধ্যমে তাদের সদর উপজেলার জগদল বাজার পর্যন্ত নিয়ে আসা হয়।
সেখান থেকে সেনাবাহিনীর একটি দল প্রতারকদের থানায় এনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করে। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, আটক আটজনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।