শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করার অভিযোগে এক অধ্যক্ষ ও উপজেলার জামায়াতের আমিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সই নকল করার জন্য তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন ইউএনও।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. হাছেন আলী। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং হাতিবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে সই নকলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া।
তিনি বলেন, কলেজটি এমপিওভুক্ত হলেও জটিলতার কারণে এখনও শিক্ষক-কর্মচারীদের বেতন হয়নি। সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, শিক্ষক-কর্মচারীর তালিকা তৈরিতে অনিয়মসহ তার সই জালিয়াতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর ওই দিন বিকেলে জমায়েত নেতাদের এক বৈঠক হয়। তবে বৈঠকের বিষয়টি জানাজানি হয় শুক্রবার (১ আগস্ট) রাতে। ওই বৈঠকে হাছেন আলীকে উপজেলা জামায়াতের আমিরের পদ থেকে অব্যাহতি দিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।