কুড়িগ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে শনিবার (১০ জানুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।