হিলিতে সড়ক কাজের তথ্য নিতে গিয়ে একাত্তরের সাংবাদিক লাঞ্ছিত

দিনাজপুরের হিলিতে সড়কের কার্পেটিং কাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে একাত্তর টেলিভিশনের প্রতিনিধিকে লাঞ্ছিত ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাকিমপুর উপজেলার পাইকপাড়া-কাঁকড়াপালি সড়কে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম ছামিউল ইসলাম আরিফ। তিনি একাত্তর টেলিভিশনের হিলি সংবাদদাতা হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলার পাইকপাড়া থেকে কাঁকড়াপালি পর্যন্ত এক কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ চলছে। এই কাজের তথ্য সংগ্রহ করতে গেলে ‘মেসার্স আলম ইন্ডাস্ট্রিজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আলম হোসেন সাংবাদিক আরিফের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন।

অভিযোগ উঠেছে, আলম হোসেন তথ্য না দিয়ে উল্টো সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে লাঞ্ছিত করেন।

এই বিষয়ে হাকিমপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার কামরুল ইসলাম জানান, সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে উন্নয়নমূলক কাজের তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর এমন আচরণের ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।