এবার শেরপুর ও হিলি সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

দেশের সীমান্ত এলাকাগুলোতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশইন) তৎপরতা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর পর এবার শেরপুরের নালিতাবাড়ী এবং দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুটি সীমান্তেই বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বাড়তি জনবল মোতায়েন, অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক সভার মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।

একাত্তরের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো বিস্তারিত খবর:

শেরপুর সীমান্তে দালাল চক্রের সহায়তায় পুশইনের চেষ্টা

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। শুক্রবার (৫ জুন) দুপুরে রামচন্দ্রকুড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 

পরে শনিবার (৬ জুন) ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজিবি জানায়, ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ছয়জন লোককে মেঘালয় থেকে ধরে নিয়ে এসে রাখা হয়। পরে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সহায়তায় কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে গতকাল দুপুরে তাদের বাংলাদেশে পুশইনের পরিকল্পনা করা হয়। তবে আগে থেকেই গোয়েন্দা তথ্য থাকায় রামচন্দ্রকুড়া বিওপির ১১৮ নম্বর পিলারের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরেই বিএসএফকে বাধা দেয় বিজিবি। বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।

ময়মনসিংহ ৩৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, এই ঘটনার পর থেকে শেরপুর সীমান্তের সব বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পুশইন পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা ডিউটি চলছে। এলাকায় মাইকিং করার পাশাপাশি গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সোর্স নিয়োগের মাধ্যমে পুশইনে সহায়তাকারী বাংলাদেশি দালালদের পরিচয় নিশ্চিত করে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হিলিতে বিজিবির তৎপরতায় পিছু হটলো বিএসএফ

এদিকে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। 

শনিবার (৬ জুন) ভোরে হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে ঘাসুড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের সাব-পিলার এলাকায় পাঁচজন ভারতীয় নাগরিককে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ সদস্যরা। বিষয়টি টের পেয়ে বিজিবি টহল দল দ্রুত সেখানে অবস্থান নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির এমন শক্ত অবস্থানে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ওপারে ফিরে যায়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ঘটনার পরপরই আমি নিজে সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং জনবল বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

তিনি আরও জানান, বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ওপারে কোনো অতিরিক্ত মানুষের উপস্থিতি দেখা যায়নি। তবে পুরো বিষয়টিকে বিজিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং স্থায়ী পোস্টের সংখ্যা ও টহল বৃদ্ধি করা হয়েছে।

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর