সৎ সাহস থাকলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন: ডা. জাহিদ

গুপ্ত রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিগত সরকারের যদি সৎ সাহস থাকে, তবে বিদেশে পালিয়ে না থেকে দেশে ফিরে আইন-আদালতের মুখোমুখি হোন।

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে ডা. জাহিদ হোসেন বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি চালিয়েছে, তাদের প্রতিটি কাজের হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। 

তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন। স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মব কালচার সৃষ্টি ও নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি এই দেশে অবস্থান করেই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র উদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছে। শত শত নেতাকর্মীকে গুম, লাখ লাখ নেতাকর্মীকে কারাবন্দী এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনাচিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও বিএনপির নেতাকর্মীদের মনোবল বিন্দুমাত্র ভাঙেনি এবং তারা দলের প্রতি শতভাগ অনুগত থেকেছেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদল সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।