লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্তবর্তী আমঝোল এলাকায় বন্য বাঘের আকস্মিক আক্রমণে এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এই লোমহর্ষক ঘটনায় সীমান্তবর্তী পুরো এলাক জুড়েই চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহত ব্যক্তিরা হলেন- নজু, আফসার ও শরিফা। স্থানীয় সূত্রে জানা গেছে, আমঝোল এলাকাটি সরাসরি ভারত সীমান্তসংলগ্ন। স্থানীয়দের জোরালো ধারণা, বন্য বাঘটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় বাঘটির উপস্থিতি টের পাওয়া যায়। বন্য প্রাণীটিকে তাড়ানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানা গেছে। তবে ঠিক কোন পরিস্থিতিতে বাঘটি সাধারণ মানুষের ওপর চড়াও হলো, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
বাঘের আক্রমণে গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন রহমান তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকে অবিলম্বে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঠাৎ এই বন্য প্রাণীর হানা ও মানুষের ওপর হামলার ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
তবে বন্য বাঘটির বর্তমান অবস্থান কোথায় এবং কীভাবে প্রবেশ করল, সে বিষয়ে পুলিশ কিংবা বিজিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।