পঞ্চগড়ে প্রাইভেট পড়ে ফেরার পথে গাছের সঙ্গে বাইকের ধাক্কা, নিহত দুই

পঞ্চগড়ে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলার বোদা উপজেলার সাকোয়া-চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিক্ষার্থী হলো—মো. মিজানুর রহমানের ছেলে মো. রাহাত (১৬) এবং মো. আতাউর রহমানের ছেলে সাদিক (১৬)। তারা দুইজনেই একই ইউনিয়নের বাসিন্দা। এছাড়া আহত শিক্ষার্থী মো. রাব্বি পার্শ্ববর্তী ইউনিয়নের আবু শাহের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে প্রাইভেট শেষে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা দিয়েছিলো তিন বন্ধু। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।