পঞ্চগড়ে হিমালয়ের হিমেল বাতাসে জেঁকে বসছে শীত

হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস, ঘন কুয়াশা আর মেঘের চাদরে ঢেকে গেছে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। দিন ও রাতের তাপমাত্রার বড় ধরনের পতনের ফলে জেলাজুড়ে পুরোদমে জেঁকে বসতে শুরু করেছে শীত। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হঠাৎ করেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে একলাফে কমে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।

মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও পঞ্চগড়ের আকাশে সূর্যের দেখা মেলেনি। মেঘাচ্ছন্ন আকাশ ও ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, যা স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা নিয়ে এসেছে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোরে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক ও কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

Panchagar Winter 01
শীতের তীব্রতা বাড়ায় দুপুরের দিকেও অনেককে ভারী গরম কাপড় পরে চলাচল করতে দেখা গেছে। তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোডের ব্যবসায়ী হাকিম জানান, আগের দিনের তুলনায় মঙ্গলবার শীতের তীব্রতা অনেক বেড়েছে। রাত থেকেই ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের দাপট ছিল, আর দুপুর পর্যন্ত সূর্য না ওঠায় বাধ্য হয়ে সবাইকে গরম কাপড় পরতে হচ্ছে।

অন্যদিকে, অসময়ের এই মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে স্থানীয় কৃষকদের। মাঠে এখন পাকা ধান কাটার মৌসুম চললেও রোদের অভাবে ধান শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে পড়েছে। বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৃষক সিয়াম উদ্বেগ প্রকাশ করে জানান, আবহাওয়া দেখে মনে হচ্ছে শীত পুরোপুরি জেঁকে বসেছে এবং গত দুই দিন ধরে কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। এতে পাকা ধান কাটা, মাড়াই এবং ঘরে তোলা নিয়ে তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

Panchagar Winter 02
বর্তমান এই আবহাওয়া পরিস্থিতির বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করেছেন পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায়। তিনি জানান, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে মাটি উত্তপ্ত হতে না পারায় দিনের বেলাতেও ঠান্ডা অনুভূত হচ্ছে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এ ছাড়া বাতাসের গতি কম থাকা ও মৌসুমি বায়ুর ভিন্নধর্মী আচরণের কারণে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটিও অনেকটা কমে গেছে।

আবহাওয়া কর্মকর্তা আরও জানান, রাতের বেলা ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাওয়ায় বাতাসে থাকা জলীয় বাষ্প শিশিরাঙ্কে পৌঁছে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় রূপ নিচ্ছে। এর প্রভাবেই জেলার অনেক স্থানে রাত থেকে সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির ঝরার প্রবণতা দেখা যাচ্ছে।