উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছর দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলায় আগেভাগেই শীত নামে। হিমালয় পর্বতমালা কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতাও থাকে বেশি। এরই মধ্যে জেলাটিতে জেঁকে বসতে শুরু করেছে শীত।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগের দিন শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (২৮ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। সকালে সূর্যের দেখা মিললেও রোদের তেমন উত্তাপ পাওয়া যাচ্ছে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে একাধিকবার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।