আড়াই বছর ধরে ছাত্রী হোস্টেলের কাজ চলছেই

আড়াই বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের ছাত্রী হোস্টেলের। শিক্ষার্থীরা বলছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান নামে মাত্র কয়েকটি পিলার নির্মাণ করে কাজটি বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরের শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, হোস্টেল নির্মাণ নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। এটি সমাধান করে খুব শিগগিরই নির্মাণ কাজ আবার শুরু হবে।

হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে ৫তলা বিশিষ্ট ১৫২ বেডের এই ছাত্রী হোস্টেলটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে ২৯ শে এপ্রিল। যা শেষ হওয়ার কথা ছিলো ১৮ মাসে। কিন্তু প্রায় তিনবছরে কেবল ভবনের কয়েকটি পিলারের কাজ শেষ হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, হোস্টেলটির নির্মাণ কাজের টেন্ডার পায় আখতারুজ্জামান সম্রাট কন্সট্রাকশন। তবে কাজ শুরুর প্রায় দেড় মাসেই তা বন্ধ হয়ে যায়। নির্মাণ শেষ না হওয়ায় বিপাকে পড়েছেন কলেজের দূরের শিক্ষার্থীর।

এ বিষয়ে চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নবী হোসেন জানান, ঠিকাদার পরিবর্তনের কারণে কাজে ধীরগতি রয়েছে। দ্রুত আবারো কাজ শুরু হবে।

হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান জানান, নির্মাণ নকশায় জটিলতা থাকায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এছাড়া নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের কেউ ক্যামেরায় কোন কথা বলতে রাজি হয়নি।