সিলেটে ব্যাংকের বুথ থেকে চুরি হওয়া টাকা উদ্ধার

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধারসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার আজবাহার আলি শেখ এসব তথ্য জানান।

উপ-পুলিশ কমিশনার আজবাহার জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির মধ্যে লিমনের বসতঘর থেকে ১০ লাখ টাকা, নুরুলের ঘর থেকে থেকে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা ও আমিনুলের বসতঘর থেকে ২১ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা আসামিরা তাদের বিভিন্ন ব্যাংকের একাউন্টে রেখেছেন।

এর আগে, গত ২৮ অক্টোবর রাতে সিলেট মহানগরের সুবিদবাজার এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরে ৩০ অক্টোবর বুথে গিয়ে হিসেবে ২৬ লাখ ৩২ হাজার টাকার হিসাবে গড়মিল পায় ব্যাংক কর্তৃপক্ষ।

এ ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তার নাম উলে­খ করে সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়।