হবিগঞ্জে ডাকাতির সময় চিনে ফেলায় মা-মেয়েকে হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ জজকোর্টের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার মো. আমীর হোসেন, হজিমাদাম এলাকার মো. আব্দুল মান্নান, বাহুবল নোয়াঐ এলাকার মো. মনির মিয়া।
আদালতের অতিরিক্ত পিপি মো. হাবিবুর রহমান খান জানান, জানান, ২০২১ সালে ১৮ মার্চ জেলার বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে গভীর রাতে সুজিত দাসের বাসায় ডাকাতির উদ্দেশে তারা প্রবেশ করে। এসময় সুজিতের স্ত্রী অঞ্জলী রানী ও মেয়ে পূজা রানী টের পেলে ডাকাতদল তাদের গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে সুজিত অজ্ঞাতদের আসামি করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে তিন জনকে গ্রেপ্তার করে। পরে সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
অ্যাডভোকেট হাবিবুর রহমান খান জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করতে।