সুনামগঞ্জে নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত চার

সুনামগঞ্জে বৌলাই নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নারী-শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি এলাকায় বৌলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), একই গ্রামের নিয়ন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা রানী সরকার (৮)। এই ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ রয়েছেন কিনা সে ব্যাপারে উদ্ধার অভিযান চলছে।