মৌলভীবাজার সীমান্তে ৪৪ বাংলাদেশিকে বিএসএফের পুশ ইন

মৌলভীবাজারে একটি সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ ৪৪ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) ভোরে জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশের ভেতরে পাঠানো হয়। পরে বিজিবি তাদের আটক করে।

বিকেলে স্থানীয়দের বরাত দিয়ে উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, আটকরা বাংলাদেশি নাগরিক। ভোর সাড়ে পাঁচটার দিকে বিষয়টি বিজিবিকে জানালে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৩ জন পুরুষ , ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। তারা জানিয়েছেন, কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বলেও জানান তিনি।

৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, আটকদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।