জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা, শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে।
জাতি যেনতেন নির্বাচন চায় না মন্তব্য করে তিনি বলেন, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র নির্বাচনের অঙ্গিকার।
শনিবার (৭ জানুয়ারি) সকালে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে নামাজ আদায় করেন। পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় জামায়াতের আমির বলেন, পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার ও যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা করবো। তবে দেশের সঙ্কট শেষ হওয়া খুবই জরুরি।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম, ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।
ঈদের নামাজের আগে আমিরে জামায়াত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে হযরত ইব্রাহীম আ: এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানান।