রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকা থেকে বাড্ডা ও মাধবপুর থানা পুলিশ যৌথভাবে এই মরদেহ উদ্ধার করে।
নিহতের নাম ফরহাদ হোসেন মাহির (২৩)। তিনি ঢাকার উত্তরখান থানার চানপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, গত ৩০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে মাহিরকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করা হয় এবং এক পর্যায়ে সেখানেই তাকে হত্যা করা হয়।
পরবর্তীতে এক মে একটি প্রাইভেটকারে করে মরদেহটি নিয়ে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মাধবপুর থানার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আন্দিউড়া নামক স্থানে ফেলে যায় খুনিরা।
মাহিরের নিখোঁজের ঘটনায় তার পরিবার বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ বিভিন্ন প্রযুক্তি ও তথ্যের সূত্র ধরে সিরাজগঞ্জ থেকে একজনকে আটক করে। পরে আটক ব্যক্তির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে ঝোপের মধ্য থেকে মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।