মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জ থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। ধর্মঘটের কারণে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সরেজমিন, বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকালে জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ বিকল্প বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পরিবহন মালিক ও শ্রমিকরা হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস চলাচলে বাধা, বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেন তারা। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা হয় এবং শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এসব ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের বাস যেন নির্বিঘ্নে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচল করতে পারে—সে বিষয়ে সুস্পষ্ট ও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।