হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে এবং পথচারী ও স্থানীয় অধিবাসীদের ওপর আক্রমণ চালিয়ে কামড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিয়ালটির কামড়ে সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামের আটজন নারী, ১৮ জন পুরুষ এবং একৎজন কিশোর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যার অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, সোমবার রাত আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত হয়ে মোট ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ লোকালয়ে ঢুকে শিয়ালের এমন বেপরোয়া আক্রমণের ঘটনায় মুড়িয়াউক ইউনিয়নের তিনটি গ্রামে এখন চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে। বুনো প্রাণীর এই আক্রমণে স্থানীয় অধিবাসীদের দৈনন্দিন চলাচলে চরম উদ্বেগ তৈরি হয়েছে।