‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- এসিল্যান্ডের ফেসবুক পোস্টে তোলপাড়

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা ভূমি অফিসের ফেসবুক পেজ থেকে সহকারী কমিশনারের (ভূমি) করা দুটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ ফেসবুক পেজ থেকে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন’ লিখে একটি পোস্ট করেন। এর কয়েক মিনিট পরই একই পেজ থেকে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ পেজ থেকে এক পোস্টে দাবি করেন, এসিল্যান্ডের আইডিটি হ্যাক হয়েছে এবং সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

ইউএনওর এই পোস্টের কিছুক্ষণ পরই ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে বিতর্কিত পোস্ট দুটি মুছে ফেলা হয়।

তবে পোস্ট মুছে ফেলার পর সাধারণ মানুষের মনে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে। আইডি হ্যাক হয়ে থাকলে কয়েক মিনিটের মধ্যে কীভাবে পোস্ট ডিলিট করা সম্ভব হলো এবং এসিল্যান্ড নিজে কেন এ বিষয়ে কোনো সরাসরি বক্তব্য দেননি, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি ঘটনার পর থেকে এসিল্যান্ডের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, আমার মেয়ের জন্মদিন উপলক্ষে এসিল্যান্ড সস্ত্রীক আমার বাসায় এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হয়ে তিনি ফেসবুকে বার্তা দুটি পোস্ট করেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি। পরে থানার অফিসার ইনচার্জ ও আবাসিক মেডিক্যাল অফিসারকে সাথে নিয়ে এসিল্যান্ডের বাসায় যাই। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

ইউএনও আরও জানান, সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। ঢাকা থেকে সুস্থ হয়ে ফিরে আসার পর তিনি কী উদ্দেশ্যে ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন, সে বিষয়ে পরিষ্কার জানা যাবে।