সিলেট নগরের সুরমা নদী থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল থেকে তারা নিখোঁজ ছিলেন।
মারা যাওয়া দুইজন হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার মেয়ে জয়স্মিতা বিশ্বাস (১১ মাস)। তারা নগরের দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও সন্তান।
স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না বলে মেয়েকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন মঞ্জুশ্রী। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত আড়াইটার দিকে মাছিমপুর ঘাট এলাকায় নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
স্বজনেরা জানান, শিশু জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলো। সন্তানের অসুস্থতার কারণে মঞ্জুশ্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।