কখনো সখ্য গড়ে নামাজ-অজুর ফাঁকে নারীদের স্বর্ণালংকার হাতিয়ে নেয়া, কখনো মহিলা ইবাদতখানা থেকে শিশু অপহরণ, আবার কখনো উন্নত জীবনের লোভ দেখিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের ছক- সিলেটের শাহজালালের মাজারকে ঘিরে এমন সব চাঞ্চল্যকর অপরাধের চিত্রই উঠে এসেছে একাত্তরের অনুসন্ধান, পুলিশি নথি আর আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযানে।
ধর্মীয় বিশ্বাস আর পবিত্রতার টানে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে। কিন্তু এই সরল বিশ্বাসকেই পুঁজি করছে অপরাধীরা। কখনো নারীদের সঙ্গে সখ্য গড়ে স্বর্ণালংকার চুরি, কখনো মহিলা ইবাদতখানা থেকে শিশু অপহরণ, আবার কখনো চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারী ও শিশুদের সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা।
পুলিশের মামলা ও এজাহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযানে সামনে এসেছে শাহজালালের মাজার-কেন্দ্রিক অপরাধের এমন চিত্র।
একাত্তরের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, মাজারের মহিলা ইবাদতখানায় আসা নারীদের টার্গেট করে সক্রিয় রয়েছে নারী চোর চক্র। প্রথমে ভুক্তভোগীদের সঙ্গে সখ্য গড়ে তোলে চক্রের সদস্যরা। পরে ভিড় কিংবা নামাজ ও অজুর সময় অসতর্কতার সুযোগে চুরি করে নেয় স্বর্র্ণের চেইন ও মূল্যবান অলংকার।
গত বছরের ১৬ এপ্রিল ২০২৬ মাজারের মহিলা ইবাদতখানায় চুরির ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়ের করা মামলায় হবিগঞ্জের লাখাই এলাকার পপি আক্তার ও বিউটি আক্তার নামে দুই নারী কে আটক শাহজালাল (র) মাঝার পুলিশ।

চুরির পাশাপাশি মাজারের মহিলা ইবাদতখানা থেকে শিশু অপহরণের দুটি মামলার তথ্যও মিলেছে। থানার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর একটি শিশু অপহরণের ঘটনায় ১৭ নভেম্বর মামলা হয়। এতে শাপলা জান্নাত নামে এক নারীকে আসামি করা হয়।
একই বছরের ২৮ অক্টোবর আরেকটি শিশু অপহরণের ঘটনায় ১৫ ডিসেম্বর দায়ের করা মামলায় আসামি করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোঃ আলি নামে এক ব্যক্তিকে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় করা এ দুটি মামলার তথ্য অনুযায়ী, অপহৃত শিশুদের একজনকে হবিগঞ্জের মাধবপুর এবং অন্যজনকে সিলেটের শাহপরান এলাকা থেকে উদ্ধার করা হয়।
অন্যদিকে, মাজারে আসা নারীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভারতের সীমান্তের ওপারে পাঠানোর চেষ্টার অভিযোগও সামনে এসেছে। অনুসন্ধান বলছে, ২৭ অক্টোবর দরগাহ গেট এলাকায় নড়াইল থেকে আসা একটি পর্যটক পরিবারকে ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করার চেষ্টা করা হয়। পরিবার-টিতে নারী ও শিশু ছিল। এ ঘটনায় এক সিএনজি চালককে গ্রেপ্তার করে এসআরবি-৯।
সিলেট মহানগর পুলিশ কমিশনার সরওয়ার মোর্শেদ শামিম একাত্তর কে জানান, চক্রের সদস্যরা প্রথমে মাজারে আসা নারীদের সঙ্গে মিশে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এর পর সুযোগ বুঝে স্বর্ণালংকার চুরি করে তারা। আবার কিছু নারী মাজারে আসা নারীদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সীমান্তের ওপারে নেওয়ার চেষ্টা করে। এসব ঘটনায় মানব পাচার ও চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগর পুলিশ কমিশনার বলেন, মাজার এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ টিম কাজ করছে। নারী পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। মাজার পরিচালনা কমিটির উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এসব অপরাধ বন্ধে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
এসআরবি-৯ অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী একাত্তর কে জানান, গত ২৭ অক্টোবর দরগাহ গেট এলাকায় নড়াইল থেকে আসা নারী ও শিশুসহ একটি পর্যটক পরিবারকে ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করার চেষ্টা করা হয়। এ ঘটনায় এক সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছে। গত তিন মাসে মানব পাচারবিরোধী আইনে দায়ের করা সাতটি মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি ৯ এর অধিনায়কের ভাষ্য, কক্সবাজার-টেকনাফ সীমান্ত-কেন্দ্রিক মানব পাচারকারী চক্রের কিছু তৎপরতা সিলেটেও দেখা যাচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল নারী, কিশোরী ও শিশুদের চাকরি এবং উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে টার্গেট করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেই সব সময় চক্রের মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হয় না। এ জন্য পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

তিনি আরও জানান, সিলেট শহরে অবৈধ সিএনজি অটোরিকশার ব্যাপক উপস্থিতি অপরাধ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করছে। প্রশাসনের সমন্বয় সভায় প্রায় ১২ হাজার অবৈধ সিএনজি কমিয়ে তিন থেকে পাঁচ হাজারের মধ্যে আনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এসব যানবাহন নিয়ন্ত্রণে আনা গেলে অপরাধে ব্যবহৃত যান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।
শাহজালালের মাজারকে ঘিরে স্বর্ণালংকার চুরি, শিশু অপহরণ ও মানব পাচারের চেষ্টার পৃথক ঘটনাগুলো নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এসব ঘটনার পেছনে একই সংঘবদ্ধ চক্র কাজ করছে কি না, তা এখনো তদন্ত সাপেক্ষ। তবে শুধু অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার নয়, তাদের পেছনের মূল হোতা, সহযোগী ও পাচার নেটওয়ার্ক শনাক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ। ধর্মীয় বিশ্বাস ও পর্যটকদের সরলতার সুযোগ নিয়ে অপরাধের এই ফাঁদ বন্ধে কার্যকর নজরদারি ও সমন্বিত অভিযান জরুরি।
