মৌলভীবাজারে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত আসামির নাম সালাউদ্দিন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাদের ছয় মাসের শিশুসন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেন সালাউদ্দিন। ওই সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি।

এ ঘটনায় সালাউদ্দিনের স্ত্রী রায়না বেগম বাদি হয়ে কুলাউড়া থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ দণ্ডাদেশ দিলেন।