ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় পাস করেছে ২১ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। একইসঙ্গে ৭৮ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফল প্রকাশ করেন।
এ বছর ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২৭ হাজার ৩৭৪ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৩৪৭ জন। পাস করেছেন ৫ হাজার ৭৯ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ২১ দশমিক ৭৫ শতাংশ। বাকি ৭৮ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করতে পারেন নি।
আরও পড়ুন: ভ্যাট ফাঁকি দিয়ে মামলা খেলো ডেনিশ ফুডস
এর আগে, গত ২২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাসের বাস্তবতায় এবারই প্রথম দেশের আটটি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
একাত্তর/আরএইচ