বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কর্মসূচি ঘোষণার আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশি হামলা চালানো হয়। এতে আমাদের অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। এদের একজন এখনও আইসিইউতে। আর উল্টো পুলিশ এখন আমাদের ৩০০জনকে আসামী করে মামলা করেছে।
আরও পড়ুন: শাবিপ্রবি: তিনশ’ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
কর্মসূচি ঘোষণার পরে শিক্ষার্থীরা বলেন, আমরা আশা করছি উপাচার্য আগামীকাল ১২টার মধ্যেই স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং আমাদের বিরুদ্ধে করা এই হয়রানিমূলক মামলাও প্রত্যাহার করা হবে। এর মধ্য দিয়েই আমরা আমাদের আন্দোলন সমাপ্ত করতে পারবো। নয়তো আমাদের আমরণ অনশনে যেতেই হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীরা ইতোমধ্যে এই আল্টিমেটামের কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এর আগে পুলিশের সাথে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একাত্তর/জো